খুঁজুন
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ইন্টারনেট বন্ধ করে দিল তালেবান সরকার, আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্ল্যাকআউট

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
ইন্টারনেট বন্ধ করে দিল তালেবান সরকার, আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্ল্যাকআউট

তালেবান সরকার আফগানিস্তানে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে দেশজুড়ে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট নেমে এসেছে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে “সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট”-এর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোও জানিয়েছে, তারা রাজধানী কাবুলে নিজেদের অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। শুধু মোবাইল ইন্টারনেটই নয়, স্যাটেলাইট টিভি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রয়টার্স জানায়, অতীতে তালেবান নেতৃত্ব অনলাইন পর্নোগ্রাফি ও সামাজিক মাধ্যমে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছিল। এবার সেই পদক্ষেপ সারাদেশে বিস্তৃত হলো।

আফগান বেসরকারি চ্যানেল টোলো নিউজ তাদের দর্শকদের সতর্ক করে জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ফোনের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র পুরনো টু-জি নেটওয়ার্ক সক্রিয় থাকবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ‘অপরাধ মোকাবিলার জন্য’ কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক কেবল কেটে দেয়া শুরু করে তালেবান। বালখ প্রদেশে তালেবান মুখপাত্র প্রকাশ্যে জানিয়েছিলেন, পাপ প্রতিরোধের উদ্দেশ্যে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করা হয়েছে এবং বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। একই ধরনের বিধিনিষেধ উত্তরাঞ্চলের বাদাখশান ও তাখরসহ দক্ষিণের কান্দাহার, হেলমান্দ, নাঙ্গারহার ও উরুজগান প্রদেশেও কার্যকর করা হয়েছে।

আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইন্টারনেটের গতি ফোর-জি থেকে টু-জি’তে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এতে দেশটির অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলো থেকে নারী লেখকদের বই সরিয়ে দেয়া, মানবাধিকার ও যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক শিক্ষা বন্ধ করা এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে কঠোর সীমাবদ্ধতা আরোপের ঘটনা ঘটে।

নারী ও কন্যা শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ১২ বছরের পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ, এমনকি নারীদের জন্য শেষ সুযোগের পড়াশোনার পথ হিসেবে থাকা ‘মিডওয়াইফ কোর্স’ও ২০২৪ সালের শেষে বন্ধ করে দেয়া হয়েছে।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে ইসলামের ব্যাখ্যা অনুসারে ‘অনৈতিকতার বিরুদ্ধে লড়াই’ করার কথা বলে তালেবান সরকার অসংখ্য কঠোর বিধিনিষেধ কার্যকর করেছে। সর্বশেষ টেলিযোগাযোগ ব্ল্যাকআউট সেই ধারাবাহিকতারই অংশ।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।

রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
রামপুরে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন

“বই পড়লে আলোকিত হই, না পড়লে অন্ধকারে রই” বইয়ের সঙ্গেই গড়ে উঠুক সুন্দর সমাজ এই স্লোগানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান এই পাঠাগারের মূল উদ্দেশ্য।

শুক্রবার ৩১ অক্টোবর বিকালে বদরখোলা বাজারে বিদ্যাঘর পাঠাগার ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাণুরাগীও সমাজসেবক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।


বিদ্যাঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যাঘর পাঠাগারের সচিব আমিরুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মফিজুল ইসলাম মাষ্টার, সাবেক সহকারী উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুল হক, মাওলানা মমিনুল হক রাজাপুরী, নাসিরকোট ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শরীফুল্লাহ।

এছাড়াও এলাকার নবীণ প্রবীণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যাঘর পাঠাগারের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যাতে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য বিভিন্ন মনিষীদের বই পাঠাগারে রাখতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান চর্চার জন্য ইসলামী বই সংরক্ষণ করতে হবে।