খুঁজুন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

জনসমুদ্রে পরিণত মার্চ ফর গাজা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
জনসমুদ্রে পরিণত মার্চ ফর গাজা

ফিলিস্তিনের গাজায় “চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে” প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে “মার্চ ফর গাজা” কর্মসূচির ডাক দেয়া হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, হেফাজতে ইসলামের বিভিন্ন নেতা, ইসলামি বক্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা জানান।

শনিবার বিকেলে সমাবেশে পাঁচ দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবিসহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সংহতি জানানো ধর্মীয় বক্তা ও বিভিন্ন দলের নেতাদের সোহরাওয়ার্দী উদ্যানে বানানো মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে। তবে কর্মসূচিতে নারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

শনিবার দুপুরের পর থেকেই ফিলিস্তিনের পতাকাসহ হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করে। দুপুর নাগাদ উদ্যান মানুষে পূর্ণ হয়ে যায়।

এ সময় শাহবাগ ও এর আশেপাশের এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

কিছুক্ষণ পরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক নিয়ে মানুষকে সোহরাওয়ার্দীর নিকটবর্তী এলাকায় নেমে মিছিল নিয়ে ভেতরে আসতে দেখা গেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারেও কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেক শিক্ষার্থী। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অনেককে রওনা দিতে দেখা গেছে।

ইসরায়েলি গণহত্যার নিন্দা এবং তা বন্ধ করতে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় এসব মিছিলে অংশ নেয়া মানুষদের।

কর্মসূচিতে অংশ নেয়া কয়েকজন জানিয়েছেন, ফিলিস্তিন ও গাজার মুসলমানদের ওপর যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ জানাতে তারা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন।

তারা বার্তা দিতে চান, যেন অবিলম্বে এই হত্যাকান্ড বন্ধ করা হয়। সেই উদ্দেশ্যেই তাদের এই ‘মার্চ’।

বিকেল চারটার দিকে শাহবাগ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট তথা উদ্যানের আশেপাশের প্রতিটি রাস্তা লোকে লোকারণ্য ছিল।
রাস্তায় সেনাবাহিনী ও পুলিশকে নিরাপত্তা চৌকি বসিয়ে অবস্থান দিতে দেখা গেছে।

তেজগাঁও এলাকায় ট্রেনের ছাদে করেও অনেককে কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা যায়।

সোহরাওয়ার্দীতে জড়ো হওয়া মানুষদের কয়েকজন জানান, ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে এই কর্মসূচিতে যোগ দিতে সকালেই এখানে চলে এসেছেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ ইভেন্টে ৮০ হাজারের বেশি সংখ্যক মানুষ এতে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

কর্মসূচি ঘোষণা করার সময় রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ করার কথা ছিল। পরে সে সিদ্ধান্তে বদলে শনিবার বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করার সিদ্ধান্ত নেয়া হয়।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে অংশ নেয়ার জন্য একটি পথ নির্দেশনা দেয়া হয়।

এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহসহ আরও অনেকেই একাত্মতা জানান।

এর আগে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক দফায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর মধ্যে গাজার প্রতি সংহতি জানানোর নামে ডাকা মিছিল থেকে ৭ এপ্রিল সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ বেশ কয়েকটি জেলায় কেএফসি, বাটা, পিৎজা হাটসহ এক ডজনেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

এছাড়াও গত বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেস্বর শুক্রবার আলগী পোলের গোড়া (স্বাধীন বাংলা বাজার) সংলগ্ন আলগী-সকদী পাঁচগাঁও কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামীক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব ড. মুহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামি’আতুস সাহাবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা শায়খ বোরহান বিন মোহাম্মদ খান।
বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন চাঁদপুর ওয়ারলেস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কন্ঠস্বর, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, ভাটের গাঁও ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ (মিঠু)।
এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে তাফসির পেশ করেন আলগী-সকদী পাঁচগাঁও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইউসুফ আল- হাবিবী, চাঁদপুর প্রফেসর পাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী তপদার।
বিশিষ্ট সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মিজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ আমলের নিয়তে কোরআর হাদিসের আলোকে হুজুরদের আলোচনা শুনেন।
মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন আবুল কালাম মজুমদার, আব্দুর রহিম গাজী, লিয়াকত আলী খান, মো. নান্নু মিয়াজি, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মো. ইমন শেখ, মো. মুজাহিদ আহমেদ প্রমুখ।
মাহফিলের পূর্বে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুশৃঙ্খল ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।