খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।

এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং মাছ চাষের জন্য নিরাপদ রাখা। নদী, খালসহ জলাশয়গুলো মাছ চাষের জন্য এখনো আমরা নিরাপদ করতে পারছি না। আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হই, অভয়াশ্রমগুলোকে আমরা যত্ন করবো।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে নির্ধারিত অভয়াশ্রম আছে। সেটি হচ্ছে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় জাটকা এবং অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা করবো। এই দুটি সময়ে চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চলভৈরবী পর্যন্ত মা ইলিশ অন্যান্য প্রজাতির মাছ নিরাপদ থাকার সুযোগ করে দিতে হবে।

তিনি অভিভাকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান বেড়ে উঠার জন্য খাদ্য প্রয়োজন। খাদ্যের মধ্যে একটি রয়েছে আমিষ। আমিষ আমরা শাক সব্জির মধ্যে পেলেও পরিমাণ খুবই কম। আমিষ সবচাইতে বেশি পাওয়া যায় মাছের মধ্যে। যে কারণে আমাদেরকে ইলিশ ছাড়া দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আরো উদ্যোগ ও আগ্রহ বাড়াতে হবে।

মৎস কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নদীকেন্দ্রিক পরে থাকলে হবে না। যেসব পুকুরগুলো অব্যবহৃত রয়েছে সেসব পুকুরে মাছ চাষের জন্যে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে। তাদেরকে পথ দেখাতে হবে। শিক্ষিত বেকার যুবকদের এধরণের মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে আপনাদের সম্মানও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আমি অন্যায় করি আবার অন্যকে দোষারোপ করি, এইসব থেকে আমাদের বেরোতে হবে। ভোলা থেকে ডুবোচরের কারণে ইলিশ আসতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। মা ইলিশ নদীতে আসলে তাকে বাঁচতে দেন। যদি মা ইলিশকে বাঁচতে দেন তাহলে চাঁদপুরে ইলিশের প্রাচুর্য হয়ে যাবে। সামনে মা ইলিশ রক্ষা অভিযান আসছে সেসময় মা ইলিশ রক্ষা করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সাংবাদিকরা প্রানন্ত চেষ্টা করছে মা ইলিশ রক্ষা করতে। তারা নিঃস্বার্থভাবে অভিযানের সময় কাজ করে যাচ্ছে। তারা সেসময় নিউজ করে এবং আমাদের অভিযানের তথ্য দেয়। তারা করছে অথচ আপনাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করছেন না। অন্যের দিকে আঙ্গুল না তুলে নিজের দিকেও আঙ্গুল তুলতে হবে।

স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।

পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষীরা হলেন- মনোসেক্স তেলাপিয়া চাষী কচুয়া উপজেলার আকতার হোসেন, রুই জাতীয় মাছ উৎপাদনে সদরের জিএম ফারুক, মনোসেক্স তেলাপিয়া ও শিং মাগুর উৎপাদনে মতলব দক্ষিণ উপজেলার মো. মাইনুদ্দিন, কৈ মাছ উৎপাদনে হাজীগঞ্জ উপজেলা মো. হাবিবুর রহমান, কার্প ও মনোসেক্স তেলাপিয়া উৎপদনে শাহরাস্তি উপজেলার মো. হুমায়ুন কবির, রুই জাতীয় মাছ উৎপাদনে মতলব উত্তর উপজেলার মো. মোশারফ হোসেন।

আলোচনা সভা শেষে সফল ছয় মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মৎস্যচাষী, জেলে, জেলে সংগঠনের নেতারাসহ সুধীজন অংশগ্রহন করেন।

সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন

মনির হেসেন খান
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে বনভোজন আয়োজন
সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর আলম জুয়েলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও বন্ধু মেলার আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারী শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নে অবস্হিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কোম্পানীর চরে এই বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের  চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও উপস্হিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের সাবেক জেলা কো- অর্ডিনেটর ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, চাঁদপুর জেলা বি,এন,পির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, জেলা লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালির সভাপতি,  তাওসিফ এন্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ,  ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর আলম জুয়েল, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের জেলা জয়েন কো- অর্ডিনেটর ইলিয়াস মিয়া, বাহাউদ্দীন বাহার, উত্তম চন্দ্র দেবনাথ, জেলা কমিটির জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো- অর্ডিনেটর হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর জেলা হার্ডওয়ার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী আজিজুর রহমান খোকা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবা উদ্দিন মাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রেফারি কাজী টুমু সহ আরও অনেকে।
 উক্ত বনভোজন ও বন্ধু মেলায় স্বাগত বক্তব্যে আলমগীর আলম জুয়েল বলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনটি মুলত একটি সামাজিক মানবিক এবং একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটির মুল লক্ষ ও উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া বন্ধু ও মানবতার সেবায় কাজ করা। সমাজসেবা এবং বন্ধুদের সহযোগিতায় সংগঠনটির নানান উদ্যোগের প্রশংসা করে জুয়েল বলেন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। পরে বিকেলে শহরের কুমিল্লা রোডস্হ জুয়েলের অফিসে চা চক্রের আয়োজনের মধ্য দিয়ে উক্ত বনভোজনের আয়োজনটি সম্পন্ন হয়।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পর্যাপ্ত পরিমানে গাছ লাগাতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর ও সমন্বিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসাইন, ডাঃ পংকজ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্র্যাক প্রোগ্রাম অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নার্সিং সুপার ভাইজার তাসনীমা, সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম, ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার সহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তনে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩২ টি ওঠান বৈঠক ও ডেঙ্গ প্রতিরোধ অভিযান ৮টি, ৩৬টি সচেতনা মূলক মাইকিং, ৩ টি সমন্বয়ক সভা, ১টি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও সিএইচসিপিদের ট্রেনি ২টি করা হয়।

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছ।
১ জানুয়ারী বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মধুসূদন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।